১৫ আগস্ট পর্যন্ত দেশের ছয় বিমানবন্দর থেকে কলকাতায় যাত্রীবাহী উড়ান বন্ধ

দেশের ছয় শহর থেকে বিমান আনাগোনায় নিষেধাজ্ঞা বহাল রইল। একই সঙ্গে, কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হল, আগামী অগস্ট মাসের যে সব দিনে রাজ্যে পুরোপুরি লকডাউন হবে, ওই সব দিনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার দেশের ছ’টি শহর থেকে বিমান ওঠা-নামায় আপত্তি জানায়। ওই শহরগুলি হল, মুম্বই, পুণে, দিল্লি, চেন্নাই, নাগপুর এবং আমদাবাদ। ওই সব শহর থেকে যাতে বিমান না আসে, সেই অনুরোধ জানিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন রাজ্যের মুখ্যসচিব রাজীবা সিনহা।
[ আরও পড়ুন : মাত্র ৪০ মিনিটেই মিলবে করোনার রিপোর্ট, পথ দেখাচ্ছে বাংলা ]
ওই সব শহর থেকে কোভিড আক্রান্ত যাত্রী এলে কলকাতার কোভিড পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এ কথা ভেবেই এমন আর্জি জানায় রাজ্য সরকার। রাজ্যের আর্জি মেনে 6 থেকে 19 জুলাই ওই ছয় শহরের বিমান যাতায়াতের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়। পরে তা 31 জুলাই পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার ওই নিষেধাজ্ঞা ফের বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হল।
এ ছাড়া অগস্ট মাসের যে সাত দিন পুরোপুরি রাজ্যে লকডাউন হবে, ওই দিনগুলিও রাজ্যের আর্জি মেনে বিমানবন্দর বন্ধ রাখা হবে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, অগাস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ পুরোদস্তুর লকডাউন হবে রাজ্যে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতা বিমানবন্দরও ওই ক’দিন বন্ধ রাখা হবে।
[ আরও পড়ুন : বিনা খরচে লালারসের নমুনা সংগ্রহ করবে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি ]
বিমানবন্দরের এক কর্তা বলেন, “এর আগে পুরোপুরি লকডাউনের দিনগুলি আগে থেকে ঘোষণা না হওয়ায় বিমানবন্দর বন্ধ থাকার কথা আগে থেকে জানতে পারেনি এয়ারলাইন্স সংস্থা এবং যাত্রীরা। অনেক যাত্রীকে হয়রানির মুখে পড়তে হয়েছে।এ বার অনেক আগে থেকে জানা থাকায় সেইমতো পরিকল্পনা করতে সুবিধে হবে যাত্রীদের।”
সুত্র: News18



