রাজ্য

সেপ্টেম্বরের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে পারে: মমতা

সেপ্টেম্বরের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে পারে: মমতা - West Bengal News 24
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা সংক্রমণ কবে কমবে তার উত্তর সারা বিশ্বজুড়েই বিজ্ঞানীরা খুঁজে চলছেন। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সেপ্টেম্বরের মধ্যেই করোনার প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে। তারপর তিনি হয়তো জেলা সফরে যাবেন।

মঙ্গলবার নবান্ন সভাঘরে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের ২০-২৫ তারিখ নাগাদ নিয়ন্ত্রণে চলে আসবে করোনা। তারপর থেকেই জেলায় জেলায় যাব আমি। তবে মুখ্যমন্ত্রী বললেও, ঠিক কবে করোনা নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট নয়।

ফলে মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়েই মোটের উপর স্পষ্ট, হয়তো অক্টোবর মাস থেকে রাজ্য ফের স্বাভাবিক নিয়মে ফিরবে। সাপ্তাহিক লকডাউন যেমন হবে না, তেমনি ট্রেন-মেট্রো সবই চালু হয়ে যাবে।

[ আরও পড়ুন : ‘উঃ ২৪ পরগনার করোনা পরিস্থিতি আয়ত্তে আসছে না কেন?: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ]

তবে সবকিছুই এখন প্রাথমিকস্তরে। কারণ, কোনওকিছুই এখন চূড়ান্ত নয়। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, উপসর্গ না থাকলে তিন-চার দিনের মধ্যে সুস্থ হয়ে গেলে রোগীকে ছেড়ে দেওয়ার।

তাতে রাজ্যের হাসপাতালের খালি শয্যার সংখ্যা যেমন বাড়বে, তেমনি সুস্থ হওয়ার হারও বাড়বে। এছাড়াও, তিনি সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন নিজের জেলার সব কোভিড হাসপাতালে সবাই কাজ করছেন কিনা তা খতিয়ে দেখতে। কারণ এই নিয়ে সরকারের কাছে নেতিবাচক রিপোর্ট আসছে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লক্ষ ৪০ হাজারের গণ্ডি। যদিও তার মধ্যে লক্ষাধিক রোগীই সুস্থ হয়ে গিয়েছেন। এখনও চিকিত্‍সাধীন রয়েছেন হাজার ২৮-এর মতো রোগী। পাশাপাশি, করোনায় রাজ্যে মৃত্যুর সংখা দাঁড়িয়েছে ২,৮০০-এর কিছু বেশি। সারা বিশ্বের মতই রাজ্যের লোকেরাও চাইছেন কবে এই করোনা থেকে রেহাই মিলবে। সেই সময় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সকলকেই কিছুটা আশার আলো যে দেখাল, তাতে সন্দেহ নেই।

 

সুত্র : এই মুহূর্তে

আরও পড়ুন ::

Back to top button