
ঝাড়গ্রাম: ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে থেকে গত তিন বছরে বদলে দিয়েছেন ঝাড়গ্রাম জেলার সবচেয়ে পুরনো কলেজটির খোলনলচে।
ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবনারায়ণ রায়কে এবার কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। জানা গিয়েছে, সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত পিএসসি পরীক্ষার মেধা তালিকায় শীর্ষে থাকায় তাঁকে রাজ কলেজেরই অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন দেবনারায়ণবাবু। ছাত্র সংগঠনের কলেজ-ইউনিটের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ওই দিন তাঁকে অভিনন্দন জানানো হয়।
ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা ড. দেবনারায়ণ রায় নয়ের দশকে ঝাড়গ্রাম রাজ কলেজের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ২০১১ সালে কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে বদলি হন তিনি। পরে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন। ২০১৫ সালে দু’বছরের লিয়েন নিয়ে পশ্চিম মেদিনীপুরের সাঁওতাল বিদ্রোহ সার্ধশত বার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে যোগ দেন।
আরও পড়ুন : গেরুয়া নজরে লালগড়, আকাশপথে হাজির নাড্ডা
তাঁর আমলে ওই কলেজটি ন্যাক-এর বিচারে ‘বি প্লাস’ গ্রেড পেয়েছিল। লিয়েন শেষ হওয়ায় ২০১৭ সালের অক্টোবরে ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান দেবনারায়ণবাবু। ছাত্রছাত্রীরা জানালেন, গত তিন বছরে রাজ কলেজে দেবনারায়ণবাবুর প্রশাসনিক দক্ষতায় গ্রন্থাগারে অটোমেশন ব্যবস্থা চালু হয়েছে। ক্যাসলেস ক্যাম্পাস, বৃষ্টির জল ধরে কলেজ চত্বরে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, কম্পিউটার ল্যাব, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার মতো নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কলেজের উন্নতির জন্য সরকারি প্রকল্পের বড় অঙ্কের বরাদ্দ আদায় করেছেন।
গত বছর তাঁর নির্দেশে কলেজের রসায়ন বিভাগ থেকে ৭৫০ লিটার স্যানিটাইজ়ার তৈরি করে জেলা প্রশাসনকে সরবরাহ করা হয়েছিল। কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের পরিকাঠামোর উন্নতি হয়েছে। কলেজ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেবনারায়ণবাবু বলেন, রাজ কলেজেও ন্যাক করাতে চাই। ন্যাকের বিচারে কলেজ যাতে ভাল গ্রেড পায় সেজন্য কলেজের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও কর্মীদের নিয়ে একযোগে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।



