
মুকুল রায় কোন দলে? জবাব দিতে বিধানসভার স্পিকারের কাছে আরও একমাস সময় চাইলেন মুকুলবাবু। যদিও যে চিঠি দিয়ে তিনি সময় চেয়েছেন তাকে অবৈধ বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় গত ১১ জুন তৃণমূলে যোগ দেন। তারপরে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ৬৪ পাতার একটি আবেদন জমা দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু করেছেন অধ্যক্ষ। ইতিমধ্যেই দু’টি শুনানিও হয়েছে। কোনও শুনানিতেই হাজির ছিলেন না মুকুল রায়। গত শুনানিতে ঠিক ছিল ১৭ অগস্ট ফের শুনানি হবে। এবং এর মধ্যে মুকুল রায়কে তাঁর জবাব দিতে হবে। স্পিকারের ঘরে এদিনের শুনানিতে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা ছিলেন। কিন্তু মুকুলবাবু আসেননি। গতকাল রাতে মুকুল রায় চিঠি লিখে স্পিকারকে জানিয়েছেন, তাঁর শরীর অসুস্থ। তাই তিনি একমাস সময় চেয়ে নিচ্ছেন।
আরো পড়ুন : এবার ব্রাত্য বসুর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার, বিক্ষোভ-আন্দোলন সল্টলেকে
শুভেন্দু এদিন বলেছেন, যে চিঠি মুকুল রায় স্পিকারকে দিয়েছেন তা অবৈধ। কারণ তাতে তারিখ বা নিজের বয়স উল্লেখ করেননি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। এখানে যেমন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি ওদিকে তেমন তৃণমূলও দুই সাংসদের বিরুদ্ধে ওম বিড়লার কাছে নালিশ ঠুকেছিল। তার মধ্যে বর্ধমান পূর্বের সুনীল মণ্ডল লোকসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলেই আছেন।
কয়েকদিন আগে ত্রিপুরায় হামলা নিয়ে সংসদে তৃণমূলের বিক্ষোভেও সুনীলকে দেখা গিয়েছিল। আবার শিশির অধিকারী লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছেন। এখানে একই পথে হাঁটলেন মুকুল। যদিও অনেকে বলছেন, মুকুল আর শিশিরবাবুর ব্যাখ্যাকে এক দৃষ্টিভঙ্গি থেকে দেখা ঠিক হবে না। কারণ সম্প্রতি মুকুলের নানান মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরো পড়ুন : ১৫ দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন ট্রেড লাইসেন্স, জানুন বিস্তারিত
কখনও বলছেন তিনি তৃণমূলের মতো প্রশ্ন করলে তৃণমূলের কথা বলবেন আবার কখনও বলছেন বিজেপির মতো প্রশ্ন করলে বিজেপির মতো। মুকুল রায় এও বলেছেন, কৃষ্ণনগরে উপনির্বাচন হলে বিজেপি জিতবে। তৃণমূল হারবে। কেউ কেউ বলছেন, শারীরিক অসুস্থতা ও স্ত্রীবিয়োগের পর হতাশাগ্রস্ত হয়েই এসব বলছেন মুকুল রায়। আবার কেউ কেউ বলছেন, তিনি পোড় খাওয়া রাজনীতিক। ধোঁয়াশা তৈরি করতেই এসব বলছেন। সেসবের মধ্যেই কোন দলে তিনি রয়েছেন তা জানাতে আরও একমাস সময় চাইলেন মুকুল রায়।
সূত্র : দ্য ওয়াল



