
এবার শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে ভাঙচুর চালানো হল দুয়ারে সরকার ক্যাম্প অফিস। রবিবার বিকেলে বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড়ে তৃণমূলের তরফে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে হামলা চালাল দলেরই অপর গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এসেছে।
এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে খাগড়াগড় এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প অফিস করা হয়েছিল। সেখানে স্থানীয়দের ফর্ম পূরণসহ নানা কাজে সাহায্য করছিলে তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মী ইব্রাহিম কুরেশির অভিযোগ, এদিন তাঁদের ক্যাম্প অফিসে হামলা চালায় সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ ফিরোজ ও তাঁর অনুমগামীরা। চেয়ার, টেবিল ভেঙে দেয়।দুয়ারে সরকারের ব্যানার ছিড়ে দেয় দুষ্কৃতীরা।
আরো পড়ুন : সংখ্যালঘু বোনেদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সুজিত বসু
অন্যদিকে পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজের অনুগামী তৃণমূল কর্মী মহম্মদ হোসেনের পাল্টা দাবি, ক্যাম্পের আয়োজকরা ভোটের আগে বিজেপি করছিল, এখন তৃণমূল কংগ্রেসের নাম করে এলাকায় অশান্তি করছে। আসলে এরা দুস্কৃতী।আমরা থানায় গোটা বিষয়টি জানিয়েছি।
বর্ধমান পৌরসভায় প্রশাসক হিসেবে প্রাক্তন পৌরপ্রধান আইনুল হককে বসানোয় শহরে শাসকদলের মধ্যে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে। প্রতিদিনই পক্ষে ও বিপক্ষে মিছিল মিটিং হচ্ছে। তার জেরেই এদিনের অশান্তি বলে মত রাজনৈতিক মহলের।
সূত্র : হিন্দুস্তান টাইমস



