স্বস্তি দিয়ে বাংলায় কমল করোনা সংক্রমণের হার

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের রেখচিত্র। তবে আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও পজিটিভিটি রেট অর্থাত্ শনাক্তের হার কমেছে। কলকাতার করোনা পরিস্থিতি অবশ্য উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষেই রয়েছে কল্লোলিনী তিলোত্তমা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৩৯টি ল্যাবরেটরিতে মোট ৩৩ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষ ১ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ৫৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার ৬০৪ জনে। আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও শনাক্তের হার হ্রাস পেয়েছে। সোমবার যেখানে পজিটিভিটি রেট ছিল ১ দশমিক ৮৫ শতাংশ, সেখানে গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে।’
আরো পড়ুন : ‘নোবেল পুরস্কার পাবেনমমতা ব্যানার্জি’, তৃণমূল নেতার দাবি ঘিরে শোরগোল
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ৪৪৭ জন।
গত ২৪ ঘন্টায় সবচেয়ে প্রাণ ঝরেছে উত্তর ২৪ পরগনা জেলায়। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাটিতে প্রাণ হারিয়েছেন ৪ জন। কলকাতা ও নদিয়া জেলায় ৩ জন করে মারা গিয়েছেন। এ ছাড়া জলপাইগুড়ি, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।’
দৈনিক সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী হলেও আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৪০ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে জয় করলেন ১৫ লক্ষ ২১ হাজার ৩৪২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৪ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ১০৭টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮১৫ জনে।’
সূত্র: এই মুহুর্তে



