চারমাসে দুই প্রেমিকাকে খুন শিলিগুড়ির ‘লেডি কিলারে’র! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

একজন নয়। দু’জন। তাও আবার মাত্র চার মাসের ব্যবধানে। দুই প্রেমিকাকে খুন করেও নির্বিকার শিলিগুড়ির মাটিগাড়ার মহম্মদ আখতার। নিজের অপরাধ স্বীকার করেছে সে।
সম্প্রতি মাটিগাড়া জোড়াব্রিজের তরুণী সূচনা মণ্ডল (১৯) নিয়োঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা শিলিগুড়ির মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্তে নামে পুলিশ। নানা পরিচিতদের সঙ্গে কথা বলতেই উঠে আসে মহম্মদ আখতার নামে যুবকের উপস্থিতি। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। এই কথা জানতে পেরে পুলিশ ওই যুবকের উপর নজর রাখে।
কিন্তু বুঝতে পারেনি এই ঘটনার সঙ্গে আখতারের যোগ থাকতে পারে। শেষ অবধি তাকে জেরা করা হয়। শুরুতে অভিযুক্ত কিছু না বললেও দফায় দফায় পুলিশি জেরায় সে দোষ স্বীকার করে। পুলিশ সূত্রে খবর, তরুণীর সঙ্গে সম্পর্কে সমস্যা শুরু হয়েছিল আখতারের।
আরও পড়ুন : আগামিকাল থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা, মানতে হবে কড়া কোভিডবিধি
ঠিক চার মাস আগে ঝগড়া চলাকালীন সূচনাকে শ্বাসরোধ করে খুন করে সে। আর প্রমাণ লোপাটের জন্য রেললাইনের ধারে দেহ পুঁতে দিয়েছিল। পাশাপাশি আখতার আরও জানিয়েছে, সে আরও এক প্রেমিকাকে খুন করেছে। সেপ্টেম্বর মাসের ১ তারিখ মাটিগাড়া থেকে উদ্ধার হয় চাঁদমণি চা-বাগানের বাসিন্দা অনিতা মাহালির দেহ।
অনিতার মা’র অভিযোগ ছিল, স্বামীই খুন করেছে তাঁর মেয়েকে। কিন্তু তদন্তে নেমে জানা যায়, আখতারের সঙ্গে অনিতারও প্রেমের সম্পর্ক ছিল। আর অনিতাকে ৩১ আগস্ট রাতে খুন করে আখতার। একই কায়দায় তাঁর দেহও পুঁতে দিয়েছিল মাটিতে।
সূত্র: আজকাল



