ভোগান্তি নিত্যযাত্রীদের, জলে ডুবে রেললাইন, বাতিল বহু স্টাফ স্পেশাল

এখনও বহু রেললাইন (railline) এখনও জলের তলায়। সাধারণত রেলের লাইন চার ইঞ্চি ডুবে গেলেই ট্রেন চালানোর নিয়ম নেই। কিন্তু এখন জল তার অনেক বেশি। তা সত্ত্বেও যাত্রীদের কথা ভেবে ট্রেন চালানো হচ্ছে। কিন্তু রেলকর্মীদের একাংশের আপত্তিতে কমেছে স্টাফ স্পেশাল লোকাল ট্রেন। লাগাতার বৃষ্টিতে ক্রমশ জটিল হচ্ছে শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা। বাতিল করা হয়েছে বেশকিছু স্টাফ স্পেশাল লোকাল ট্রেন।
যেকারণে বৃহস্পতিবার কর্মস্থলে পৌঁছতে কালঘাম ছুটল বহু মানুষের। এক একটি লোকাল ট্রেনে ভিড় হল অন্যদিনের তুলনায় অনেক বেশি। শিয়ালদা দক্ষিণ শাখাতেও বেশ কিছু ট্রেন চলছে না। তাই ট্রেন ছাড়া কর্মক্ষেত্রে যাতায়াতে যাদের অন্য বিকল্প নেই তাঁরা সমস্যায় পড়ছেন।
আরও পড়ুন : কড়েয়ায় একটি বাড়িতে বিস্ফোরণ, গুরুতর আহত ৪, ঘটনাস্থলে পুলিস ও গোয়েন্দারা
রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা স্টেশনের রেললাইন এখন ডুবে আছে। হাওড়া, টিকিয়াপাড়া কারশেডের অবস্থাও একই। ট্রেন কারসেড থেকে বের করা যাচ্ছে না। লাগাতার পাম্প চালিয়েও ফল হচ্ছে না। কারণ জল কমার পর ফের বৃষ্টি হচ্ছে। অন্যদিকে কলকাতা পুরসভা নিকাশি পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ হয়েছে। তাই সেই খেসারতও কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে দিতে হচ্ছে রেলকে। প্রভাব পড়ছে পরিষেবায়।
এদিন পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, অনেক চেষ্টা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক রাখা যাচ্ছেনা। অবিরাম বৃষ্টির কারণে জল নামলেও ফের ডুবে যাচ্ছে রেললাইন। শিয়ালদা শাখায় এই সমস্যা বেশি। এই পরিস্থিতিতে ট্রেন চালানো ঝুঁকির। অনেক চালক ট্রেন চালাতে আপত্তি করছেন। স্বাভাবিকভাবেই কিছু ট্রেন কমেছে। জল না নামা পর্যন্ত পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব নয়।
সূত্রঃ দ্য ওয়াল



