
ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারীর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এদিকে কলকাতা এবং পার্শ্বরবর্তী এলাকার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আজ পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছাকাছি চলে আসবে। এর জেরে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। এর মধ্যে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : মর্মান্তিক! ভবানীপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই কিশোরের
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। তাছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাব বাড়লে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি চললেও পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী দু’দিন মত্স্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগাম সর্তকতা জানিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে ফের জলমগ্ন হতে পারে শহরের বেশ কিছু এলাকা। এছাড়া ভারী বৃষ্টিপাতের জেরে চাষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। গ্রামের মাটির বাড়ি ও কাঁচা রাস্তা ভেঙে পড়তে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরের পুরনো বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



