‘গডসে জিন্দাবাদ’ বলা মানে নির্লজ্জভাবে দেশকে অপমান করা, গান্ধীজয়ন্তীতে বললেন বরুণ গান্ধী
মহাত্মা গান্ধীর জন্মদিনে টুইটারে টপ ট্রেন্ডের মধ্যে আছে ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ (Nathuram Godse)। গান্ধী হত্যাকারীর ভক্তদের এদিন তীব্র নিন্দা করলেন বিজেপির সাংসদ বরুণ গান্ধী। তাঁর মতে, যাঁরা গডসের নামে জয়ধ্বনি দিচ্ছেন, তাঁরা দেশকে লজ্জায় ফেলেছেন। তাঁদের নামগুলি প্রকাশ্যে জানানো উচিত। বরুণের কথায়, ‘ভারত বরাবরই আধ্যাত্মিক মহাশক্তি। মহাত্মাজির বাণী আজও আমাদের পথ দেখায়।’
এরপরেই তিনি বলেন, ‘যাঁরা গডসে জিন্দাবাদ ধ্বনি দিচ্ছেন, তাঁরা লজ্জায় ফেলেছেন দেশকে।’ গডসে ভক্তদের পাগল বলে মনে করেন বরুণ। তাঁর মতে, এই পাগলদের রাজনীতির মূলস্রোতে আসতে দেওয়া উচিত নয়। ২০১৯ সালে সংসদের শীতকালীন অধিবেশনে গডসেকে দেশপ্রেমী বলে দাবি করেন বিজেপির সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সেজন্য তাঁকে দু’বার ক্ষমা চাইতে হয়। ২০২০ সালে গান্ধীজির মৃত্যুদিবসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গডসের ভক্ত বলে দাবি করেন।
আরও পড়ুন : বিজেপিকে ‘টুকরে টুকরে’ করব, বললেন সদ্য কংগ্রেস যোগ দেওয়া কানহাইয়া
তিনি বলেন, নরেন্দ্র মোদীর হৃদয় ক্রোধে পরিপূর্ণ। তিনি মহাত্মা গান্ধীর আদর্শ বুঝতেই পারবেন না। মোদীর কড়া সমালোচনা করে রাহুল বলেন, তিনি ভারতীয়দের প্রমাণ করতে বাধ্য করছেন যে, তারা ভারতীয়। তাঁর হৃদয় ক্রোধে পরিপূর্ণ। গান্ধীজি বলেছিলেন, প্রত্যেকে তার নিজের বিশ্বাস নিয়ে চলবে। কিন্তু সেকথা বোঝার সাধ্য মোদীর নেই। রাহুলের কথায়, ‘এক মূর্খ ব্যক্তি, যিনি কোনও খবর রাখেন না, তিনি গান্ধীজিকে চ্যালেঞ্জ করছেন। তাঁর এত রাগ যে তিনি জানেনই না যে, ভারতের আসল শক্তি কোথায়।
গডসে যে মতাদর্শে বিশ্বাস করতেন, তিনিও তাই করেন। তাঁদের মধ্যে কোনও পার্থক্য নেই। কিন্তু মোদীর স্বীকার করার সাহস নেই যে, তিনি গডসের অনুগামী।’ পরে রাহুল প্রশ্ন তোলেন, ‘নরেন্দ্র মোদী কে যে, তাঁর কাছে আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমাদের ভারতীয়ত্বের প্রমাণ চাওয়ার লাইসেন্স মোদীকে কে দিয়েছে? আমি জানি যে আমি ভারতীয়। সেকথা কারও কাছে প্রমাণ করার দরকার নেই।
দেশের ১৪০ কোটি মানুষের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তারা ভারতীয়।’ মহাত্মা গান্ধীর ৭২ তম প্রয়াণ দিবস উপলক্ষে তিনি বলেন, ‘এই দিনেই দেশের শ্রেষ্ঠ সন্তানকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এমন একজন তাঁকে আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল, যাকে গ্রাস করেছিল ঘৃণা। নাথুরাম গডসে একাধিকবার গান্ধীকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত সে সফল হয়।’ পরে গডসে সম্পর্কে তিনি বলেন, ‘গান্ধী ছিলেন সত্যের অনুসন্ধানী। তাই গডসে তাঁকে ঘৃণা করত।’
সূত্র: দ্য ওয়াল




