
দমকলমন্ত্রীর কাছে হিসেব নেই রাজ্যে কতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কতজনই বা মারা গেছেন! এ কারণেই বিধানসভার শীতকালীন অধিবেশনে স্পিকার বিমান ব্যানার্জির ভর্ৎসনা শুনতে হল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে।
আরও পড়ুন : মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় BSF! বিধানসভায় বিস্ফোরক তৃণমূল
মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা দমকলমন্ত্রীর কাছে জানতে চান, গত ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে কতগুলি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে? আগুন লাগার ওই সব ঘটনায় কতজনের প্রাণহানি ঘটেছে? সুজিত বসু জানান, এই মুহূর্তে তাঁর কাছে এ বিষয়ে কোনও তথ্য বা পরিসংখ্যান নেই। অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী এই সংক্রান্ত তথ্য দিতে না পারায় স্পিকারের ভর্ৎসনার মুখে পড়েন।
সুজিতের উদ্দেশে বিমান বলেন, ‘এটা কী বলছেন? বিষয়টি মানবিকভাবে দেখা উচিত। অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন মারা গেলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত হলেন, এই তথ্য আপনাদের কাছে থাকবে না কেন?’ স্পিকারের পরামর্শ, ‘এরপর থেকে তথ্য জোগাড়ের ব্যবস্থা রাখুন।’ এবিষয়ে কোনও মন্তব্য করেননি দমকল মন্ত্রী।
সুত্র : আজকাল



