
এবছর পুজোর শুরুর আগে থেকেই রাজ্যবাসীর মনে আতঙ্ক ধরিয়েছে বৃষ্টি। টানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল পুজোতে দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। নিয়ম করে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ষষ্ঠীর দিন বৃষ্টি দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। যদিও পুজোয় ঘোরা তাতে আটকায়নি। কিন্তু জল জমে বহু জায়গায় বিঘ্নিত হয়েছে পুজোর আবহ। সপ্তমীতে কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে আগ্রহের শেষ নেই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও বৃষ্টির হাত থেকে মিলবে না দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি করে ষষ্ঠীর দিনও বৃষ্টিপাত হয়েছিল। জমিয়ে ঠাকুর দেখার পথে বাধা হতে চলেছে আবহাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে বঙ্গোপসাগরের থেকে আসা জলীয় বাষ্প পূর্ণ হওয়া তার শক্তি কিছুটা বাড়বে। এর প্রভাবে সপ্তমী দশমী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা-সহ অন্যান্য জায়গাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তুলনামূলকভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে।



